দাকোপে দুই ইউপি ভবনের কাজ ঝুলে আছে দুই বছর
অর্থসংকটে খুলনার দাকোপ উপজেলার কৈলাসগঞ্জ ও দাকোপ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবনের কাজ দুই বছর ধরে বন্ধ। এতে ওই দুই ইউপির কার্যক্রম ব্যাহত হচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাকোপ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হারুন-আর-রশিদ বলেন, ২০০৯-১০ অর্থবছরে কৈলাসগঞ্জ ও দাকোপ ইউপির দ্বিতল ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। ২০১০ সালের ১৮ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। দুটি ভবন নির্মাণের ব্যয় ধরা হয় এক কোটি ৬২ লাখ টাকা। খুলনার দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান মুনির ব্রাদার্স ও মামুন-আল-হাসান অ্যান্ড কোং ভবন দুটি নির্মাণের কাজ পায়। একই সালের ৬ সেপ্টেম্বর কার্যাদেশ দেওয়া হয়। এ পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি। কিন্তু ঠিকাদারেরা প্রায় ৬০ লাখ টাকার কাজ করেছেন। অর্থাভাবে বাকি কাজ প্রায় বন্ধ রয়েছে। অথচ গত বছরের ২৯ মার্চ কাজ শেষ হওয়ার কথা ছিল।মুনির ব্রাদার্সের মালিক কাজী মনিরুজ্জামান বলেন, ‘আমার প্রায় ৪০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু আজও একটি টাকাও পাইনি। টাকার অভাবে কাজ বন্ধ করে দিয়েছি।’খুলনা এলজিইজি নির্বাহী প্রকৌশলী রতন কুমার দে বলেন, ‘আমি যত দূর জানি এখনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু হবে।’