দাকোপে পাউবোর জমিতে চেয়ারম্যানের দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার রারইখালি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১৫ শতাংশ জমি দখল করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন তাঁর চিংড়ি হ্যাচারির দেয়াল তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দাকোপ থানায় তাঁর বিরুদ্ধে পাউবো সাধারণ ডায়েরি (জিডি) করলেও উচ্ছেদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।পাউবো ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর চারেক আগে শেখ আবুল হোসেন সেখানে একটি দেয়াল তৈরি করেন। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেয়ালটি ভেঙে দেওয়া হয়। এরপর ২০১০ সালের শুরুর দিকে তিনি আবার সেখানে দেয়াল নির্মাণ করেন। দেয়ালটি নির্মাণের কারণে ভবিষ্যতে বাঁধটি সংরক্ষণে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।পাউবো উপজেলার উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, ‘আমাদের ১২ থেকে ১৫ শতাংশ জায়গায় দেয়াল তোলা হয়েছে। শুনেছি তত্ত্বাবধায়ক সরকারের সময় সেখানকার দেয়ালটি ভেঙে দেওয়া হয়েছিল। এরপর তিনি আবার তা নির্মাণ করেছেন। এ ব্যাপারে বছর তিনেক আগে থানায় একটি জিডি করা হয়েছে। জিডিতে পাউবোর জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অনুরোধ জানানো হয়েছে।’গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, প্রায় পাঁচ ফুট উঁচু করে উত্তর-দক্ষিণে প্রায় ৪৫০ ফুট দীর্ঘ একটি দেয়াল দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হালিম বলেন, ‘তখন কী হয়েছে, তা আমি জানি না। আমি এক বছর ধরে এখানে এসেছি। এখন অভিযোগ দিলে দেখতে পারি।’দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, ‘আমাদের কাছে অভিযোগ করে কোনো লাভ নেই। আমরা নিজেরা উচ্ছেদ করতে পারি না। আমরা শুধু পুলিশ দিয়ে সাহায্য করতে পারি।’পাউবো খুলনা-২-এর নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা বলেন, ‘আমাদের জায়গা দখল হয়েছে, কিন্তু করার কিছু নেই। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ ও লোকবল নেই। এ জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি।’অভিযোগের ব্যাপারে শেখ আবুল হোসেন বলেন, ‘দেয়ালের মধ্যে পাউবোর কোনো জায়গা নেই। আমি পাউবোকে বলেছি তারা মেপে জায়গা পেলে আমি ছেড়ে দেব।’