দাকোপে বেড়িবাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার গোরকাঠিতে একটি বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া চুনকাঠি গ্রামের ভাঙাচোরা একটি স্লুইসগেটের মধ্য দিয়ে পানি ঢুকছে। এই বেড়িবাঁধ ও স্লুইসগেট ভেঙে গেলে প্রায় ১০০ গ্রাম প্লাবিত এবং প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়বে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন। এলাকাবাসী জানায়, গোড়কাঠি মহল্লার বেড়িবাঁধ ভেঙে গেলে চালনা পৌরসভা কার্যালয়, পানখালী ও তিলডাঙ্গা ইউনিয়নের ৪৫টি গ্রামসহ ১৫ হাজার হেক্টর জমি, দাকোপ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কার্যালয় প্লাবিত হবে। এ ছাড়া প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়বে। সরেজমিনে ৩১ নম্বর পোল্ডারের গোড়কাঠি এলাকার বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, বেড়িবাঁধের প্রায় এক কিলোমিটারজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ৩৩ চুনখালী স্লুইসগেটের কাছে গিয়ে দেখা যায়, ভাঙাচোরা ওই গেটের দুই পাশ দিয়ে পানি ঢুকছে। দাকোপ গ্রামের সরজিত্ হালদার বলেন, দীর্ঘদিন থেকে এখানে বেড়িবাঁধে ভাঙন চলছে। বাঁধ ভেঙে গেলে চালনা পৌরসভা কার্যালয় এবং দাকোপের সব সরকারি কার্যালয় পানিতে তলিয়ে যাবে।এলাকাবাসী জানায়, দাকোপ ইউনিয়নের ৪৩টি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া খালে পানি ওঠানামা করে চুনকুড়ি স্লুইসগেট দিয়ে। বর্তমানে ভাঙাচোরা এই গেটের বেশ কয়েকটি ফাটল দিয়ে পানি বের হচ্ছে। গেটটি ভেঙে গেলে দাকোপ ইউনিয়নের ৪৩টি গ্রাম, ১০ হাজার হেক্টর জমি প্লাবিত হবে। এতে প্রায় ৭০ হাজার মানুষ বিপাকে পড়বে। গেটটি দ্রুত সংস্কার না করা হলে প্রায় দেড় হাজার হেক্টর জমির তরমুজগাছ পানিতে তলিয়ে যাবে।চুনকুড়ি গ্রামের উত্তম ঘরামী বলেন, স্লুইসগেটটি ১২ বছর আগে তৈরি করার পর আর এটি সংস্কার করা হয়নি। একই গ্রামের রবিন মণ্ডল বলেন, এই স্লুইসগেটটি ভেঙে গেলে প্রায় ৭০-৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়বে।দাকোপ উপজেলার চেয়ারম্যান শেখ আবুল হোসেন বলেন, ‘আমরা বারবার বলার পরও পানি উন্নয়ন বোর্ড সঠিকভাবে কাজ করছে না। এই বাঁধ ভেঙে গেলে চালনা পৌরসভার সঙ্গে নয়টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। হাজার হাজার মানুষ বিপদে পড়বে।’ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খুলনা-২-এর নির্বাহী প্রকৌশলী (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বিদ্যুত্ কুমার সাহা বলেন, ‘আমি বাঁধ ও স্লুইসগেট সংস্কারের সিদ্ধান্ত নিয়েছি। আজ (গতকাল শনিবার) এগুলো দেখার জন্য যাচ্ছি। এখন এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারছি না।’