দাকোপে ভাঙছে বাঁধ আতঙ্কে ৬০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার খোনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙন প্রতিরোধে পাউবো যথাযথ উদ্যোগ না নেওয়ায় উপজেলার তিন ইউনিয়নের ৬০ হাজার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। পাউবোর দাকোপ কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এক বছরে উপজেলার ৩১ নম্বর পোল্ডারে খোনা গ্রামসংলগ্ন বেড়িবাঁধের এক কিলোমিটারেরও বেশি এলাকা ভেঙে গেছে। শুরু থেকে যে অংশে ভাঙন শুরু হয়েছে, সে অংশের পেছনে ১০০ থেকে ২০০ হাত দূরে পাউবো নতুন বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু ঠিকাদার সঠিকভাবে কাজ না করায় পুরোনো বাঁধ ও এর আশপাশে ভাঙন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বসতভিটাসহ দুই শতাধিক বিঘা জমি ভদ্রা নদীতে বিলীন হয়ে গেছে। এলাকাবাসী অভিযোগ করেন, ঠিকাদারকে যে পরিমাণ কাজ দেওয়া হয়েছিল, তা তিনি শেষ করতে পারেননি। তাই যেকোনো সময় পুরোনো বাঁধটির বাকি অংশ ভেঙে গেলে পানখালি, চালনা পৌরসভা ও তিলডাঙ্গা ইউনিয়ন প্লাবিত হতে পারে। এতে ওই তিন ইউনিয়নের ৬০ হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।খোনা গ্রামের নারায়ণ গোলদার বলেন, ‘নদীর ভাঙনে এর মধ্যি আমার প্রায় ২০ বিঘে গেছে। এ ছাড়া আতিয়ার রহমানের ৬০, আজিজুল মোল্লার ২৪, শওকত মোল্লার পাঁচ বিঘেসহ এহিনকের প্রায় ২০০ বিঘে ধানিজমি চলে গেছে।’ খোনা গ্রামের কামাল শেখ বলেন, ‘সব সময় এট্টা আতঙ্কের মধ্যি থাকতি হচ্ছে। কহন ভাঙে যে সব ডুবোয়ে দেবেনে, কিছু বুঝা যাচ্ছে না।’ আলম মোল্লা বলেন, ‘এ দিকি বান দেয়ার কাজ চলতেছে আর আমরা জোয়ারের সময় পালা করে দুই ঘণ্টা দুই ঘণ্টা করি ভাঙন ঠেহাতে বান পাহারা দিচ্ছি।’ লুৎফর রহমান বলেন, ‘এট্টা লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়লি চিকিৎসকের কাছে নেওয়ারও রাস্তা নেই।’ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক সত্যজিৎ হালদার (৪৫) বলেন, ‘ভাঙন আরও দীর্ঘস্থায়ী হবে। রিং বাঁধ একটা ক্ষণস্থায়ী ব্যবস্থা। পানি উন্নয়ন বোর্ড কোনো স্থায়ী পরিকল্পনা নিচ্ছে না। এখানে খাঁচা, ব্লক বা স্পোর দিলে ভাঙন থামতে পারে।’পানখালি ইউনিয়ন পরিষদের সদস্য শাহাবুদ্দিন মোল্লা বলেন, ‘আমরা খুবই ঝুঁকির মধ্যে আছি। ভাঙন তো চলছেই। ওয়াপদা এখন যে বাঁধ দিচ্ছে, তাতে ভরসা করা যাচ্ছে না। বাঁধে ব্লক দিলে ভাঙন থামত।’ পানখালি ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন শিকদার বলেন, ‘আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বলেছি, খোনা, পানখালি, মৌখালি, আন্ধারমানিক ও ঝালবুনিয়া এলাকার বেড়িবাঁধ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।’ দাকোপ পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা (এসও) জাকির হোসেন বলেন, ‘অনেক দিন ধরে ভাঙন চলছে। আমরাও সরে গিয়ে বাঁধ দিচ্ছি।’উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন বলেন, ‘এখন অবস্থা খুবই ভয়াবহ, যেকোনো সময় বাঁধ ভেঙে দাকোপ উপজেলা সদরসহ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হতে পারে।’ ঠিকাদারের বিরুদ্ধে করা বাঁধের কাজ ফেলে রাখার অভিযোগ প্রসঙ্গে পাউবোর দাকোপ অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘যে পরিমাণ কাজ তাঁকে দেওয়া হয়েছিল, ইতিমধ্যে ভাঙনে তা আরও বেড়ে গেছে। এ কারণে ঠিকাদার বন্ধ রেখেছে। ব্লক ফেলার বিষয়টি ব্যয়বহুল হওয়ায় আমরা পেছন থেকে নতুন বাঁধ দিচ্ছি।’