দাকোপে ভাঙন, দেড় শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা
খুলনার দাকোপ উপজেলার পোদ্দারগঞ্জ বাজার এলাকায় চুনকুড়ি নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ভাঙনে শতাধিক বসতভিটা ও ৮০ বিঘা জমি বিলীন হয়ে গেছে।দাকোপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় মোড়ল বলেন, ‘পোদ্দারগঞ্জ বাজারকে বলা হয় পাঁচটি ইউনিয়নের মুখ। এ এলাকায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এখনই পদক্ষেপ না নিলে পাঁচটি ইউনিয়নের দেড় শতাধিক গ্রামের প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়বে। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। তাঁরা এখানে বাঁধ নির্মাণ করে দেবে বলে জানিয়েছিলেন। কিন্তু আজও তা হয়নি।’পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দাকোপ, বাজোয়া, লাউডোব, বানিশান্তা ও কৈলাশগঞ্জ ইউনিয়নের জন্য ১৫ বছর আগে বাঁধটি নির্মাণ করা হয়। এটি চুনকুড়ি বড় বাড়ি থেকে সাহেবের আবাদ বড় বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে নির্মাণ করা হয়। নির্মাণের কিছুদিন পর থেকেই জোয়ারের পানির চাপে বাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। বাঁধের পোদ্দারগঞ্জ বাজার এলাকায় চলতি বছরে তিনবার ভেঙেছে। এখন ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এখনই এ অংশের ভাঙন প্রতিরোধ করতে না পারলে উল্লিখিত পাঁচটি ইউনিয়নের দেড় শতাধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়বে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙনে ইতিমধ্যে শতাধিক বসতভিটা ও প্রায় ৮০ বিঘা জমি নদীতে চলে গেছে। এ ছাড়া পোদ্দারগঞ্জ বাজারে ছয়-সাতটি দোকান যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, বাঁধের পোদ্দারগঞ্জ বাজার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। অনেকে ভেঙে পড়া বসতঘর সরিয়ে নিচ্ছে। পোদ্দারগঞ্জ এলাকার ভোলানাথ সানা বলেন, ‘এই ভাঙনে আমার বাড়িঘরসহ ১০-১২ বিঘে জমি নদীতি চইলে গেছে।’ পাউবো খুলনা-১-এর নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা (পরিচালনা ও রক্ষাবেক্ষণ) বলেন, ‘আমরা সব সময় বাঁধের ওপর নজর রাখছি। তেমন কোনো ভাঙন তো চোখে পড়েনি। এখন জানলাম। আমি না দেখে কিছু বলতে পারব না।’ তিনি আরও জানান, অর্থসংকট রয়েছে। এ কারণে অনেক কাজ করা সম্ভব হচ্ছে না।