দাকোপে ভাঙনের কবলে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের কালীনগর বাজার থেকে উপজেলা সদরে যাওয়ার সড়কটি দুই সপ্তাহ ধরে ভদ্রা নদীর ভাঙনের কবলে পড়েছে। সড়কটি ভেঙে গেলে দুটি ইউনিয়নের প্রায় ৮০টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়বে বলে এলাকাবাসীর আশঙ্কা।গত ২৮ মে সরেজমিনে দেখা যায়, ৩২ নম্বর পোল্ডারের কালীনগর বাজার থেকে শিবনগর গেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ভদ্রা নদীর ভাঙনের কবলে পড়েছে। বিভিন্ন স্থানে সড়কটি প্রস্থে ছয়-সাত ফুট ভেঙে গেছে। সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও যানবাহন। কামারখোলা ইউপির চেয়ারম্যান উমাশংকর রায় বলেন, ‘সড়কটি ভাঙনের কবলে পড়ায় এলাকাবাসী খুবই শঙ্কিত। যাত্রী ও যানবাহন চলাচলেও মারাত্মক সমস্যা হচ্ছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা সত্ত্বেও সড়কটি মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’পানি উন্নয়ন বোর্ড এর আগে একাধিকবার এখানে সংস্কারকাজ করেছে। কামারখোলার গনেশ মণ্ডল বলেন, ‘এই রাস্তা ভাঙগে গেলি কামারখোলা ও সুতারখালি ইউনিয়নের লোকজন চলাচল করতি পারে নানে।’পাউবো খুলনার নির্বাহী পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বিদ্যুৎ কুমার সাহা বলেন, ‘গত বছর আমরা ওই স্থানটি সংস্কার করেছিলাম। প্রয়োজনে আবার এ বছর সংস্কার করব।’