‘আয়লাত্তে (আইলায়) আমরা খোলা রাস্তার পরে ফাঁকা ঘরে শীতি মত্তিছি। প্রথম আলোর কম্বল পায়ে এট্টু বাঁচপানি। ঘুমুতি পারবানি।’ কথাগুলো চিনি দাস সরদারের (৯০)। তাঁর বাড়ি খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের কালীনগর গ্রামে। গতকাল শনিবার প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল পেয়ে তিনি এ অভিব্যক্তি প্রকাশ করেন। আইলা-দুর্গত দাকোপ উপজেলার কালীনগর মন্দির, শ্রীনগর বেড়িবাঁধ, কামারখোলা বাজার ও চালনা লঞ্চঘাটে আশ্রয় নেওয়া দরিদ্র শীতার্ত ১২৬ জনের মধ্যে গতকাল ১০০টি কম্বল ও ২৬টি সোয়েটার বিতরণ করা হয়। কালীনগর মন্দিরের সামনে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকেন বর্মণ। তিনি বলেন, ‘অনেক পত্রিকাই আছে, কিন্তু এই প্রথম শুধু প্রথম আলোই আমাদের আইলা-দুর্গতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল।’ এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলো খুলনা বন্ধুসভার সভাপতি সজীব কুমার মহলী, সমাজসেবী সত্যজিৎ হালদার, সজীব দত্ত ও প্রথম আলোর খুলনা প্রতিনিধি কাজী আবদুল্লাহ।