দাকোপে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান, চারটি বাড়ি নদীতে বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন সুতারখালী ইউনিয়নের নলিয়ান বাজারের ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান ও চারটি বসতবাড়ি শিবসা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
রোববার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ করে শিবসা নদীতীরের নলিয়ান বাজার এলাকায় ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে বাজারের ব্যবসায়ী আবদুর রশিদের হোটেল, হরষিৎ মণ্ডলের রেস্তোরাঁ হোটেল, তাপস মণ্ডলের সেলুন, আজিজুল হক গাজীর মাছ প্রক্রিয়াজাতকরণ আড়ত, অসিত মাস্টারের রেস্তোরাঁ, রফিকুল সরদারের মুদি দোকান, বিকাশের ঘড়ির দোকান, আবদুল মান্নান ফকিরের মুদি ও কাপড়ের দোকান, ইয়াসিন গাজীর মুদি দোকান, মনিরুজ্জামানের মুদি ও কাপড়ের দোকান, খোকন সানার চায়ের দোকান, আনোয়ারুল হকের হার্ডওয়্যারের দোকান, সিরাজুল হকের রেস্তোরাঁ ও মনো কর্মকারের দোকানসহ ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং আক্তার, আসাদুল, মুজিবর সরদার ও আরশাদ গাজীর বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এ সময় ইউসুফ সরদার, সাইফুল খান, আনোয়ারুল হক ও আবদার ফকির আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নলিয়ান বাজারসংলগ্ন আরও পাঁচটি বাড়ি চরম ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোনো মুহূর্তে এই বাড়িগুলোও শিবসা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সুতারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন জানান, ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল হাফিজ বলেন, ‘জোয়ারে নদীর পানি বেড়ে যাওয়ায় পাড় ভেঙে স্থাপনাগুলো নদীতে চলে গেছে। আমি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছি। তা ছাড়া ভাঙনকবলিত ওই স্থান যাতে ভালোভাবে সংস্কার করা হয়, সে জন্য একটি প্রকল্প নেওয়ার চেষ্টা করছি।’