দাকোপের ১১০ গ্রামে ১১ বছরেও বিদ্যুৎ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার ১১০টি গ্রামে দীর্ঘ ১১ বছরেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। ২০০১ সালে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি এসব গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য ৩২ কিলোমিটার লাইন টেনেছিল। সরেজমিনে দেখা গেছে, কামারখোলা ইউনিয়নের শ্রীনগর খেয়াঘাট থেকে সুতারখালি ইউনিয়নের পুব কালাবগী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার, বাজুয়া বাজার থেকে লাউডোব বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার ও দাকোপ ইউনিয়নের পোদ্দারগঞ্জ থেকে কৈলাশগঞ্জের রামনগর গ্রাম পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার বিদ্যুতের তার ও খুঁটি বসানো হয়েছে।দাকোপ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও চালনা পৌরসভার মেয়র অচিন্ত্য বিশ্বাস বলেন, ‘বিদ্যুৎহীন দাকোপবাসী অন্ধকারে জীবন কাটাচ্ছে। বিদ্যালয়ের কম্পিউটারগুলো মোটেও চালানো যাচ্ছে না। আমরা বিষয়টি বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ চালনা এম এম সিটি কলেজের অধ্যাপক গৌরাঙ্গ মণ্ডল জানান, উপজেলার নয়টি ইউনিয়নের ১২০টি গ্রামের মধ্যে মাত্র ১০টি গ্রামে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। ২০০১ সাল থেকে খুঁটি পুঁতে লাইন টেনে রেখে শুধু অর্থের অপচয় করা হয়েছে। খুঁটি ও তার নষ্ট হয়ে যাচ্ছে।খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শহিদুর জামান বলেন, ‘আমি এখানে কয়েক মাস আগে যোগদান করেছি। আগে কেন সংযোগ দেওয়া হয়নি তা জানি না। পরে ঘূর্ণিঝড় সিডর ও আইলায় লাইন ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সংযোগ দেওয়া যায়নি। তবে এখন আমরা পর্যায়ক্রমে সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছি। এ জন্য ছয়-সাত মাস সময় লাগবে।’