দাখিল পরীক্ষার্থীকে জবাই, গ্রেপ্তার ৪
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঁচিকাটা গ্রামের দাখিল পরীক্ষার্থী নাজমুল হোসেন (১৭) হত্যায় জড়িত অভিযোগে গতকাল বৃহস্পতিবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের তিনজন নাজমুলের বন্ধু।গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ফুলবাড়িয়া উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, একই গ্রামের হাসান মিয়া ও সদর থানার বহুরিয়ারচালা গ্রামের সোহাগ মিয়া, ফুলবাড়িয়া গ্রামের আবদুল আজিজ।পুলিশ জানায়, আসামিরা জিজ্ঞাসাবাদে বলেছে, নাজমুলের বাবা শাহজাহান মিয়ার সঙ্গে একই গ্রামের আবদুল আজিজের শত্রুতা চলছিল। এর জের ধরে আজিজ নাজমুলকে হত্যার পরিকল্পনা করে। গ্রেপ্তার হওয়া তিন বন্ধুকে এজন্য সহযোগী হিসেবে ঠিক করা হয়। আজিজের নির্দেশ অনুসারে ২২ জানুয়ারি রাতে বাসা থেকে নাজমুলকে ডেকে আনা হয়। নাজমুলকে পাশের একটি জঙ্গলে নিয়ে জবাই করা হয়। নাজমুলকে হত্যায় সহযোগিতা করার জন্য আবদুল আজিজ ওই তিনজনকে নগদ টাকা ও মোবাইল ফোনসেট দেয়।নাজমুলকে হত্যার পরদিন বাবা শাহজাহান মিয়া বাদী হয়ে একটি মামালা করেন। শাহজাহান মিয়া বলেন, ‘নাজমুল এ বছর দাখিল পরীক্ষার্থী ছিল। আমার জানা নেই, কোন শত্রুতার জন্য আমার ছেলেকে তারা হত্যা করল।’ তিনি হত্যাকারীদের শাস্তি দাবি করেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পারিশ্রমিক হিসেবে পাওয়া মোবাইল ফোনসেট ও ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা তারা খরচ করে ফেলেছে বলে জানিয়েছে। হত্যার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।