দাখিল পরীক্ষার্থীসহ সাত জেলায় ১৮ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর, বাগেরহাটের মোল্লাহাট, কুষ্টিয়ার ভেড়ামারা, সিরাজগঞ্জ, রাঙামাটির কাউখালী, রংপুরের পীরগাছা ও চট্টগ্রামের বোয়ালখালীতে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় একজন দাখিল পরীক্ষার্থীসহ ১৪ জন নিহত হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে গত শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নওগাঁ: নওগাঁ-মহাদেবপুর সড়কের মহাদেবপুর উপজেলার ১৩ মাইলে গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে একটি ট্রাক ও একটি ভটভটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটি যানই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় কয়লা বোঝাই ওই ট্রাকের নিচে চাপা পড়ে ভটভটিটি। ঘটনাস্থলেই ইনতেজারুল হক (৫৬), তাঁর জামাতা শেখ মাহফুজুর রহমান (৩৫) ও ভটভটিচালক আবদুল খালেক নিহত হন।বাগেরহাট: খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি এলাকায় গতকাল ভোর পৌনে ছয়টার দিকে একটি সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে পিকআপের যাত্রী ও সবজি ব্যবসায়ী এরশাদ আলী (৩০), শহীদুল ইসলাম (৩২) ও চালক নাসির খান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।এরশাদ গোপালগঞ্জের গোপীনাথপুর, শহীদুল কাশিয়ানী উপজেলার দক্ষিণ কোকরা ও নাসির খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা।কুষ্টিয়া: কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দশ মাইল নামক স্থানে গতকাল বেলা পৌনে ১১টার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন একটি ট্রাকের চালক মুসা আহমেদ (৪২) ও তাঁর সহকারী জামাল হোসেন (৩৮)।রাঙামাটি: রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাঙামাটির কাউখালী উপজেলার যৌথ খামার এলাকায় গতকাল সকাল সাড়ে ১১টার দিকে একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার যাত্রী পারভিন আকতার (৩২) ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশার চালক ফজু মিয়াকে (২৫) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার সড়কের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতলী বাজারে গতকাল বেলা দেড়টার দিকে একটি ট্রাক একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দাখিল পরীক্ষার্থী সাজেদা বেগম ও উম্মে সায়মা গুরুতর আহত হয়। সাজেদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল পাঁচটার দিকে সে মারা যায়। হতাহতরা কধুরখীল ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী। তারা শাকপুরা দারুছুন্নাত কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিয়ে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।মিরসরাই (চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় গত শনিবার রাত ১১টার দিকে একটি অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ওয়াহেদপুর এলাকার রুবেল (২৫), আবুল হোসেন (২৭), খায়রুল বাশার (২৫) ও মো. আরিফ।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ থানা রোড নামক স্থানে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে খলিলুর রহমান চৌধুরী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হন। তাঁর বাড়ি দিনাজপুর সদর উপজেলার বালুবাড়ি এলাকায়।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উল্লাপাড়া-সলপ রেলওয়ে স্টেশন সড়কে মাটিকোড়া এলাকায় গতকাল সকালে গরুবাহী একটি নছিমনের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজাদ রহমান (৪০) নামের এক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনায় নছিমনের দুটি গরুও মারা গেছে। পীরগাছা (রংপুর): পীরগাছা-রংপুর মহাসড়কের সৈয়দপুর বাজারে গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে একটি মাইক্রোবাসের চাপায় বীথি (৮) নামের একটি শিশু ঘটনাস্থলেই নিহত হয়। বীথি সৈয়দপুর বাজারসংলগ্ন পূর্বপারুল গ্রামের হারুন অর রশিদের মেয়ে।