দাখিলে ছয় শিক্ষার্থীর অংশগ্রহণ অনিশ্চিত
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ‘নয়াগ্রাম-শিমুলতলা দাখিল মাদ্রাসার’ সুপারিনটেনডেন্টের খামখেয়ালিপনায় ছয়জন শিক্ষার্থীর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। মাদ্রাসাটিতে বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি পাওয়ার আগেই ওই ছয় শিক্ষার্থীকে বিজ্ঞান বিভাগে নিবন্ধন করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হতাশ শিক্ষার্থীরা গত শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে মানববন্ধন করে।ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, খুব তাড়াতাড়ি বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি পাওয়া যাবে, এ কথা বলে ২০১০ সালে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. জিয়াউল হক তাদের বিজ্ঞান বিভাগে নিবন্ধন করান। ছয় শিক্ষার্থী হচ্ছে আশরাফ আলী, মোজাহিদুল ইসলাম বেলাল, মুজাহিদুল ইসলাম জয়দুল, খায়রুল আমিন, আকলিমা আক্তার ও রেহেনা আক্তার। পরবর্তী সময়ে তাদের দাখিল পরীক্ষার ফরম পূরণও করানো হয়।শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসায় বিজ্ঞান বিভাগের জন্য কোনো শিক্ষক নেই। অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে তারা পদার্থ ও রসায়ন বিষয় প্রাইভেট পড়ে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে দাখিল পরীক্ষা শুরু হচ্ছে। অন্য বিভাগের ১৩ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পেলেও তারা এখনো পায়নি। তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের অনুমতি না থাকায় তাদের প্রবেশপত্র আটকে আছে। এই অবস্থায় গত শুক্রবার বিকেলে তারা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এবং ইউএনও মণীষ চাকমার বাসভবনের ফটকের সামনে মানববন্ধন করে। পরে ইউএনও তাদের বাসায় ডেকে নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘বিজ্ঞান’ বিভাগ খোলার অনুমতি চেয়ে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ২০১০ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি আবেদন করে। কিন্তু এখনো পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি।