দাখিলে জিপিএ-৫ অর্ধেকে নেমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালের দাখিল পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ উভয়ই গতবারের চেয়ে কমেছে। এর মধ্যে সবচেয়ে ভালো ফলের সূচক জিপিএ-৫ গতবারের চেয়ে প্রায় অর্ধেক কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮৯৫ জন, গতবার পেয়েছিল ১১ হাজার ৩৩৮ জন।
গতকাল বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের ফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, এই বোর্ডে এবার পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। গতবারের চেয়ে পাসের হার ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। গতবার পাসের হার ছিল ৯০ দশমিক ২০ শতাংশ।
দাখিলে এবার পরীক্ষা দিয়েছিল ২ লাখ ৪৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ১৭ হাজার ৩১৪ জন। দাখিলে মোট পাস করা শিক্ষার্থীর মধ্যে ২ দশমিক ৩৯ শতাংশ জিপিএ-৫ পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, মাদ্রাসা বোর্ডের খারাপ ফলের কারণে সামগ্রিকভাবে ১০ বোর্ডের জিপিএ-৫ কমেছে ২ হাজার ১৪০টি।
এ বিষয়ে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কেন এমন হলো তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না। তবে বিষয়টি তাঁরা বিশ্লেষণ করে দেখবেন।
জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্লাহ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, সমাজবিজ্ঞান বিষয়ে এবার শিক্ষার্থীরা খারাপ ফল করেছে। কিন্তু কেন খারাপ করেছে, সেটা বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
তবে বোর্ডের একটি সূত্র বলেছে, বাংলাতেও খারাপ করেছে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা। এটাও সামগ্রিক ফলে প্রভাব ফেলেছে।