দাখিলে পাসের হার ও জিপিএ-৫ আরও কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর অনুষ্ঠিত এসএসসি সমমানের দাখিল পরীক্ষায় পাসের হার গত বছরের চেয়ে ১২ দশমিক ০২ শতাংশ কমেছে। আর সবচেয়ে ভালো ফলের সূচক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে অর্ধেকের বেশি কমেছে।

গতকাল বৃহস্পতিবার এসএসসির ফলাফলের সঙ্গে দাখিল পরীক্ষারও ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর দাখিলে পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ। গত বছর ছিল ৮৮ দশমিক ২২ শতাংশ। গত বছরও দাখিলে পাসের হার তার আগের বছর অর্থাৎ ২০১৫ সালের চেয়ে কমেছিল। ২০১৫ সালে দাখিলে পাসের হার ছিল ৯০ দশমিক ২০ শতাংশ।

এ বছর মাদ্রাসা বোর্ডের অধীনে সারা দেশে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৯৩ হাজার ৫১ জন। এর মধ্যে ছাত্র ৯৯ হাজার ৮৮৮ জন এবং ছাত্রী ৯৩ হাজার ১৬৩ জন।

দাখিলে পাসের হারের মতো জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমতির দিকে। এ বছর দাখিলে সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬১০ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৮৯৫ জন। ২০১৫ সালে দাখিলে জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৩৩৮ জন।