দাখিলে বেড়েছে পাসের হার
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে।
এবার পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ৮৯ দশমিক শূন্য ৩ শতাংশ, যা গতবারের চেয়ে ২ দশমিক ৭১ শতাংশ বেশি। ২০১২ সালে গড় উত্তীর্ণের হার ছিল ৮৬ দশমিক ৩২ শতাংশ।
গতবারের চেয়ে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২৫ হাজার ৯৭৪ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৯১ হাজার ২২৬ জন। ২০১২ সালে পেয়েছিল ৬৫ হাজার ২৫২ জন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় এবার পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৮ দশমিক ৪৭ শতাংশ। অর্থাত্ এবার পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৬৬ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৬৭৩ জন।
এ বছর দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল দুই লাখ ২৫ হাজার ৩০০ জন। তবে এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ২১ হাজার ২৫৭ জন। পাস করেছে এক লাখ ৯৭ হাজার ১৯৯ জন।
চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণ, বিজ্ঞান, মুজাব্বিদ ও হিফজুল কোরআন শাখায় এবার পাস করা শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ৯৪ হাজার ৮৭৪ জন। ছাত্রীদের পাসের হার ৮৮ দশমিক ২৮ শতাংশ। তবে হিফজুল কোরআন শাখায় এ বছর কোনো ছাত্রী পরীক্ষায় অংশ নেয়নি। মোট পাঁচজন ছাত্র এ শাখায় পরীক্ষায় অংশ নেয় এবং সবাই কৃতকার্য হয়েছে।
দাখিল পরীক্ষায় ভালো করা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম তিনটি ঢাকা বিভাগের। প্রথম হওয়া শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে ২৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯১ জন। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকার উত্তরায় অবস্থিত তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। এ প্রতিষ্ঠানের ৬৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন। ফলাফলের ভিত্তিতে ঢাকার ডেমরার দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা তৃতীয়। এ প্রতিষ্ঠানের ২৭৩ জনের মধ্যে পাস করেছে ২৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন। ফলাফলের ভিত্তিতে ২০তম স্থান খুলনা সদরের খুলনা কামিল মাদ্রাসার। এ শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন।