দাখিলের প্রশংসাপত্র ও নম্বরপত্র তুলতে দুই হাজার টাকা!
জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি আবদুল আলী মির্জা কাশেম ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষ এ বছর দাখিলের প্রশংসাপত্র ও নম্বরপত্র বাবদ প্রতি ছাত্রের কাছ থেকে দুই হাজার টাকা করে আদায় করছে। তবে ছাত্ররা এর প্রতিবাদ জানিয়েছে।ছাত্ররা জানায়, এ ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মৌখিকভাবে জানানো হয়েছে।মো. এবাদুল হক নামের এক ছাত্র প্রথম আলোর কাছে অভিযোগ করে বলে, তারা প্রত্যেকে মাদ্রাসা কর্তৃপক্ষকে দেড় হাজার টাকা করে দিয়েছিল। কিন্তু তারা এই টাকা নেয়নি।ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মওলানা আবু সাইদ বলেন, গত বছর প্রতি ছাত্রের কাছ থেকে এক হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু টাকার মান কমে যাওয়ায় এবার দুই হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে কমিটি সিদ্ধান্ত নেওয়ায় তাঁর কিছু করার নেই।ইউএনও মো. শওকত আলী বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষকে প্রশংসাপত্র ও নম্বরপত্র বাবদ টাকা নিতে নিষেধ করা হয়েছে।