দাগনভূঞায় সরকারি কর্মকর্তার করোনা শনাক্ত
ফেনীর দাগনভূঞায় আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলা পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা। তাঁর বাড়ি চট্টগ্রামের আকবর শাহ থানার পাহাড়তলী এলাকায়। দাগনভূঞায় তিনি একটি বহুতল ভবনে ভাড়া বাসায় থাকেন।
এর আগে বুধবার দাগনভূঞায় একজন নারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা–আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুজন এবং জেলায় মোট চারজন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, হালকা জ্বর ও গলাব্যথা থাকায় ২১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই কর্মকর্তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়। ৮ দিন পর বুধবার রাত ১০টার দিকে নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ শনাক্ত হয়।
সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন জানান, ওই কর্মকর্তা পৌর শহরে একটি ভাড়া বাসায় একাই থাকেন। রাতেই ওই ভবনটি লকডাউন করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।