দাগনভূঞাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা সদরের আতাতুর্ক আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়নে আয়োজিত নাগরিক সমাবেশে উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। সমাবেশে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে দাগনভূঞাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বিবি তহুরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মেয়েরা শিক্ষিত না হলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশের উন্নয়নে নারীরা ভূমিকা না রাখলে দেশ পিছিয়ে থাকবে। নারী-পুরুষ সমান তালে এগোতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, দাগনভূঞা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার লক্ষ্যে গত বছরের ২৮ এপ্রিল থেকে প্রচারণা চালানো হয়। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য এবং মসজিদের ইমাম, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিবাহ নিবন্ধকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।