দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞার রামনগর এলাকায় গতকাল বুধবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় কমপক্ষে ১৫-১৬টি ককটেলের বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দাগনভূঞার রামনগর এলাকায় ফেনী-৩ আসনের সাংসদ মো. মোশাররফ হোসেন-সমর্থিত পক্ষ হরতালের সমর্থনে মিছিল বের করে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন-সমর্থিত পক্ষ রামনগর এলাকার বাহাদুর চেয়ারম্যানের বাড়ির দরজা নামক স্থানে হরতালের সমর্থনে আরেকটি মিছিল বের করে। মিছিল দুটি কাছাকাছি স্থানে পৌঁছার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় কমপক্ষে ১৫-১৬টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি গুলিবিনিময় হয়। এতে মোশারফ হোসেন-সমর্থিত পক্ষের নুরুল আবসার (২০), আবদুল ওহাব (২৫), মোহামঞ্চদ শাকিল (২৮) ও মোহামঞ্চদ সুজন (২৬) গুলিবিদ্ধ হন। তাঁদের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আকবর হোসেন বলেন, তিনি বোমাবাজি ও সংঘর্ষের কথা শুনেছেন। তবে এখানে বিএনপির একাধিক পক্ষ থাকায় কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। তাঁর দাবি, তাঁদের পক্ষের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
এদিকে সাংসদ মোশাররফ হোসেনের পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশের উপস্থিতি দেখে উভয় পক্ষ পালিয়ে যায়। সংঘর্ষে কারা আহত হয়েছেন এবং কোথায় চিকিৎসা নিচ্ছেন, তা তিনি জানেন না।
পুলিশ জানায়, এ ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি।