দাগনভূঞায় শিশু ধর্ষণের চেষ্টা, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সিন্দুরপুর বাজারে গত শনিবার সন্ধ্যায় মফিজুর রহমান (৬০) নামের এক ব্যক্তি নয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে ওই রাতেই ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় গতকাল রোববার ওই শিশুর বাবা বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা করেছেন। পুলিশ মফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ওই শিশুকে তার বাবা স্থানীয় সিন্দুরপুর বাজারের একটি দোকানে বসিয়ে রেখে অন্য কাজে যান। এই ফাঁকে একই এলাকার দিলপুর গ্রামের মফিজুর রহমান পূর্বপরিচয়ের সূত্র ধরে ওই শিশুর সঙ্গে কথাবার্তা বলতে থাকেন এবং একপর্যায়ে তাকে প্রলোভিত করে বাজারের একপাশে নির্জন স্থানে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির কান্না শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। রাতে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন শিশু ধর্ষণের চেষ্টায় থানায় মামলা দায়ের ও একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।