পুনর্নির্বাচনের দাবি দাগনভূঞার তিন চেয়ারম্যান প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাচনের তিন চেয়ারম্যান প্রার্থী প্রহসনের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করেছেন। একই দাবি ছয়জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও দুজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর। পৃথক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।

১১ প্রার্থীর অভিযোগ, বহিরাগত সন্ত্রাসী দিয়ে ভোটকেন্দ্র দখল, ভোট ডাকাতি, লুট ও ব্যাপক বোমাবাজি, পথে পথে ভোটারদের বাধাদান এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের নিষ্ক্রিয়তার ঘটনা ঘটেছে এই নির্বাচনে। এ কারণে প্রসহনের নির্বাচন বাতিল করে তাঁরা পুনর্নির্বাচনের দাবি করেছেন।

তিন চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হাই মিলন, বিএনপি-সমর্থিত প্রার্থী আকবর হোসেন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল হাশেম বাহাদুর।

এই চেয়ারম্যান প্রার্থীদের দাবি, উপজেলার ৬২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ভোটকেন্দ্র বহিরাগত সন্ত্রাসী দিয়ে আগের রাতেই দখল করে নেওয়া হয়। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী দিদারুল কবিরের লোকজন এই দখলবাজি করেন।

পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের দরাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিন্দুরপুর ইউনিয়নের অলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচনে নানা অনিয়ম-সহিংসতার কারণে ১১ জনকে গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।