দাগনভূঞায় অপহরণের ১১ দিনে কিশোরী উদ্ধার
ফেনীর দাগনভূঞা উপজেলার এয়াকুবপুরের সংখ্যালঘু পরিবারের এক কিশোরীকে অপহরণের ১১দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওই কিশোরীকে চট্টগ্রামের হাটহাজারীতে নারী ও কিশোরী উন্নয়ন কেন্দ্রে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও পরিবার জানায়, পাশের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিরাহিমপুর গ্রামের রহমত উল্যার ছেলে রাশেদ পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ-ছয়জন অস্ত্রধারী যুবক ৯ জানুয়ারি রাতে নবম শ্রেণীতে পড়ুয়া ওই মেয়েকে ঘর থেকে অপহরণ করে। পরে তারা মাইক্রোবাসে তুলে চট্টগ্রাম নিয়ে যায়। ১১ জানুয়ারি চট্টগ্রামের একজন নোটারি পাবলিকের মাধ্যমে ওই কিশোরীকে ধর্মান্তরিত করে বিয়ে করেন।
এ ঘটনায় দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন কিশোরীর বাবা। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় চণ্ডীপুর গ্রামের এবাদ উল্যার ছেলে নুর উদ্দিন ওরফে নওশাকে (২২) গ্রেপ্তার করে।
দাগনভূঞা থানার পুলিশ গত সোমবার সকালে কৌশলে ওই কিশোরীকে ফেনীর একটি আবাসিক এলাকা থেকে উদ্ধার করে। এ সময় ঘটনার মূল হোতা রাশেদ পাটোয়ারী পালিয়ে যান।
পুলিশ ওই কিশোরীকে সোমবার বিচারিক আদালতে পাঠায় এবং আদালত তাকে ফেনী কারাগারে পাঠিয়ে ডাক্তারি পরীক্ষা করার ও নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দেন।
গতকাল ফেনী সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পরে ফেনী কারাগার কর্তৃপক্ষ তাকে চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত নারী ও কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহরণের মূল হোতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।