দাগনভূঞায় আ.লীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরনবীকে (৪৫) গতকাল শুক্রবার দুপুরে একদল সন্ত্রাসী পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে। নূরনবীকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ সাহাব উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সিন্দুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরনবী গতকাল শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ফেনী থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে রাজাপুর বাজারের পাশে গনিপুর এলাকায় ওত পেতে থাকা ১০-১২ জন সন্ত্রাসী অতর্কিতে নূরনবীর ওপর হামলা করে এবং তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দাগনভূঞা থানা-পুলিশ হামলার ঘটনায় জড়িত অভিযোগে সাহাব উদ্দিন নামে একজনকে আটক করেছে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।