দাগনভূঞায় এক বস্তা টুকরো করা টাকার নোট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় গতকাল সোমবার বিভিন্ন অঙ্কের টাকার টুকরো করা এক বস্তা নোট উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সকালে দাগনভূঞা উপজেলার ফেনী-নোয়াখালী সড়কের সালামনগর (মাতুভূঞা) সেতুর নিচে শিশুরা একটি মুখবাঁধা বস্তা দেখতে পায়। তারা বস্তার মুখ খুলে ৫০০, ১০০ ও ৫০ টাকার নোটের অসংখ্য টুকরো দেখতে পায়। মুহূর্তের মধ্যে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। এরই মধ্যে টুকরো করা নোটের কিছু অংশ শিশুদের হাতে চলে যায়। খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ বস্তাসহ নোটের টুকরোগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংক কর্মকর্তা বলেন, ৫০ কেজির একটি বস্তায় আনুমানিক এক কোটি টাকা থাকতে পারে। তিনি টাকাগুলো দেখেছেন এবং টাকাগুলো জাল নয়। তাঁর ধারণা, কেউ অবৈধ পন্থায় উপার্জিত টাকাগুলো সরাতে না পেরে টুকরো টুকরো করে বস্তায় ভরে ফেলে দিয়েছে।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, কাটিং মেশিন দিয়ে প্রতিটি নোটকে ১৫ থেকে ২০ টুকরো করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি খুবই রহস্যজনক। রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।