দাগনভূঞায় এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগরের একটি গ্রিল কারখানার ভেতর থেকে গতকাল শনিবার সকালে পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে।পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকালে দাগনভূঞা উপজেলার রামনগর গ্রামের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে আবদুল মন্নানের গ্রিল কারখানা খোলার পর শ্রমিকেরা কারখানার ভেতরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ দেখতে পান। এলাকাবাসী দ্রুত দাগনভূঞা থানার পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠায়।কারখানার মালিক আবদুল মন্নান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিকেরা কাজ শেষে কারখানায় তালা দিয়ে নিজ নিজ বাড়ি চলে যান। শুক্রবার কারখানা বন্ধ থাকে। গতকাল শ্রমিকেরা কাজ করতে কারখানার তালা খুলে ভেতরে গিয়ে ওই ব্যক্তির লাশ দেখতে পান।ফেনীর পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে কেউ অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যার পর লাশটি কৌশলে ওই গ্রিল কারখানার ভেতরে রেখে যেতে পারে। ওই ব্যক্তির গলা থেকে পেট পর্যন্ত ক্ষুরের কাটা দাগের মতো একটি কাটা দাগ দেখতে পাওয়া যায়। তবে সেই দাগটি কয়েক দিন আগের সেলাই করা। এখনো ক্ষত সম্পূর্ণ শুকায়নি।