দাগনভূঞায় এক রাতে তিন বাড়িতে ডাকাতি, আহত ৫
ফেনীর দাগনভূঞা উপজেলায় গত শনিবার দিবাগত রাতে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় পাঁচজন আহত হয়। ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ বিশ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে দাবি করেছে ডাকাতির শিকার পরিবারগুলো।পুলিশ, এলাকাবাসী ও ডাকাতির শিকার পরিবারগুলো জানায়, গত শনিবার দিবাগত রাতে ২৫-৩০ জন সশস্ত্র ডাকাত উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের মানিক মেম্বারের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির ব্যবসায়ী কামাল উদ্দিনের ঘরের কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর তারা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা কুপিয়ে ও পিটিয়ে গৃহকর্তা কামাল উদ্দিন, তাঁর ভাই মমিনুল হকসহ পাঁচজনকে আহত করে। কামাল উদ্দিন ও মমিনুল হককে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।একই রাতে ডাকাতেরা একই কায়দায় মাছিমপুর গ্রামের ভূঞাবাড়িতে আবুল কালামের ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা টাকা, ২৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে।ওই রাতেই দক্ষিণ লালপুর গ্রামের ছিদ্দিক মিয়ার বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার, টাকাসহ প্রায় ৬০ হাজার টাকার মালামাল লুট করে ডাকাতেরা।এদিকে ভোর চারটার দিকে দাগনভূঞা উপজেলা সদরের হাসপাতাল সড়কে টহল পুলিশ একদল অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পেয়ে ধাওয়া করে। পুলিশের ধাওয়ার মুখে তারা তিনটি একনলা বন্দুক, নয়টি কার্তুজ, চারটি কিরিচ, দুটি ছোরা, একটি চাপাতি ও গ্রিল কাটার মেশিন ফেলে পালিয়ে যায়।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস ডাকাতির শিকার বাড়িগুলো পরিদর্শন করেছেন।দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল আজিম তিনটি বাড়িতে ডাকাতি ও অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। দক্ষিণ নেয়াজপুরে ডাকাতির ঘটনায় হাজি মমিনুল হক অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন।