দাগনভূঞায় এক রাতে দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলায় মঙ্গলবার রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে বলে জানা গেছে। এ সময় ডাকাতের হামলায় সাতজন আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মধ্যম রামনগর গ্রামের বারিক ভূঞার বাড়িতে ১৫-২০ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির মাস্টার নূরুল ইসলামের ঘরের কলাপসিবল গেট ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের লোকজনকে আলমারির চাবি দিতে বলে। চাবি দিতে দেরি করায় ডাকাতেরা নূরুল ইসলামের স্ত্রী ও সন্তানদের পিটিয়ে আহত করে আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুটে নিয়ে যায়। ডাকাতের হামলায় আহত ব্যক্তিরা হলেন: নূরুল ইসলামের স্ত্রী পেয়ারা বেগম (৫৫), ছেলে ফখরুল ইসলাম (৩১), মেয়ে রাশেদা আক্তার (২৫) ও ফরিদা আক্তার (২২)।ফখরুলের অভিযোগ, ডাকাতেরা পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ হাজার টাকা, মুঠোফোনসেটসহ অন্তত তিন লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।স্থানীয় সূত্র জানায়, একই রাতে ১৪-১৫ জনের একদল অস্ত্রধারী ডাকাত একই কায়দায় উপজেলার এনায়েতনগর গ্রামের ইব্রাহিম মিয়ার ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা বন্দুকের বাঁট দিয়ে পিটিয়ে তিনজনকে আহত করে। আহত ব্যক্তিরা হলেন: আবু সুফিয়ান (৩০), মনোয়ারা বেগম (২৫) ও সাজেদা আক্তার (১৪)।ইব্রাহিমের দাবি, ডাকাতেরা দুই ভরি স্বর্ণালংকার, কিছু নগদ টাকা, মুঠোফোন সেটসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন রামনগরের ঘটনাকে ডাকাতি বললেও এনায়েতনগরের ঘটনাকে চুরি হিসেবে বর্ণনা করেছেন।