দাগনভূঞায় এক স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক আবদুল হাই ওরফে মিলনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি, অন্যথায় হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার সকালে ফেনীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবদুল হাই এ অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবিরের কর্মী হিসেবে পরিচিত কিছু সন্ত্রাসী গত কয়েক দিন বিভিন্ন এলাকায় তাঁর নির্বাচনী গণসংযোগে বাধা, নির্বাচনী প্রচারণায় হামলা, কর্মীদের হাত থেকে জোর করে পোস্টার-লিফলেট কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা এবং কর্মীদের মারধর ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। ভোটের দিন ভোটাররা যেন ভোটকেন্দ্রে না যান, সে জন্য সন্ত্রাসীরা এখন থেকে ভোটারদের হুমকি-ধমকি দিতে শুরু করেছে।

হুমকি সত্ত্বেও সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচন থেকে সরে না দাঁড়িয়ে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন আবদুল হাই। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক এম শাহজাহান সাজু, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে যুবলীগের নেতা ও প্রার্থী দিদারুল আলম এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এলাকায় আবদুল হাইয়ের কোনো জনসমর্থন নেই দেখে তিনি এখন এসব বলছেন।

 জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্তের জন্য দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে। ১৫ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।