দাগনভূঞায় ককটেল বানানোর সময় যুবলীগের তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর গ্রামে ককটেল বানানোর সময় বিস্ফোরণে তিন যুবলীগ নেতা-কর্মী আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার দুপুরে সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের একটি বাড়িতে বসে চার-পাঁচজন স্থানীয় যুবলীগ নেতা-কর্মী ককটেল তৈরি করছিলেন। একপর্যায়ে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়ে তিনজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন, পাশের চন্দ্রপুর গ্রামের আবদুল মজিদের ছেলে ও সিন্দুরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (২৮), যাদবপুর গ্রামের নুরুল হকের ছেলে নুর আলম (৩০) ও সবুজ (২৬)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, তিনিও ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে তিন যুবক আহত হয়েছেন বলে শুনেছেন।
আজ শনিবার দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচন। এলাকাবাসী ধারণা করছেন, নির্বাচনে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তারের জন্যই ককটেলগুলো তৈরি করা হচ্ছিল।