দাগনভূঞায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় গত মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ফেনী-নোয়াখালী ও ফেনী-বসুরহাট সড়কে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলা সদরের জিরো পয়েন্টে পৌর মেয়রের সমর্থক ছাত্রলীগের কর্মী পাপন ও জিয়াউল হকের সঙ্গে স্থানীয় সাতবাড়ীর আফসারের সমর্থক লাতু ও রিয়াজের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পাপন (২৩), জিয়াউল হক (২৫), আসিক (২৬) ও লাতু (২৭) আহত হন। খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র জানায়, বিকেল চারটার দিকে উভয় পক্ষ আবারও সংগঠিত হয়ে লাঠিসোঁটা ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উপজেলা সদরের কেন্দ্রস্থলের দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের ছয়জন আহত হয়। তাঁদের মধ্যে রাশেদ মহাজন, আল আমীন ও রমজানের নাম জানা গেছে। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে। সূত্র জানায়, সংঘর্ষের সময় প্রায় এক ঘণ্টা ফেনী-নোয়াখালী ও ফেনী-বসুরহাট সড়কে যান চলাচল বন্ধ থাকে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, বোমাবাজি, দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, গতকাল বুধবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে কোনো পক্ষ মামলা করেনি।