দাগনভূঞায় ডাকাতি, পাঁচ লাখ টাকার মালামাল লুট
ফেনীর দাগনভূঞার এয়াকুবপুর ইউনিয়নের এনায়েত ভূঞা এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক অভিযোগ করেছেন, ডাকাতেরা এক লাখ ২২ হাজার টাকা, পাঁচ ভরি সোনা, মুঠোফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ অন্তত পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ, এলাকাবাসী ও মালিক সূত্র জানায়, গত রোববার গভীর রাতে ইউনিয়নের এনায়েত ভূঞা বাজার এলাকায় আবু ইউসুফ নামে এক প্রবাসীর নতুন বাড়িতে ১৫-১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।বাড়ির মালিক প্রবাসী আবু ইউসুফ জানান, ডাকাতেরা এক লাখ ২২ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, মুঠোফোন, অন্যান্য মূল্যবান জিনিসসহ অন্তত পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় তারা তাঁকে মামলা না করতে হুমকি দিয়ে গেছে। তিনি বলেন, ডাকাতদের ভয়ে থানায় মামলা করার সাহস তিনি হারিয়ে ফেলেছেন। স্থানীয় এয়াকুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাকিম জামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাঁদের এলাকায় প্রতিনিয়তই ডাকাতির ঘটনা ঘটছে। কিন্তু ডাকাতদের আটক করা যাচ্ছে না। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।