দাগনভূঞায় ডাকাতি
ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসান গনিপুর গ্রামের মালেক মিয়া ও শাহ আলমের বাড়িতে গত বুধবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বুধবার গভীর রাতে দাগনভূঞা উপজেলার হাসান গনিপুর গ্রামের মালেক মিয়ার বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির শাহ আলমের বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এরপর ডাকাতেরা একই বাড়ির আবদুল মালেকের ঘরে ঢুকে একই কায়দায় টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
গৃহকর্তা শাহ আলম দাবি করেন, ডাকাতেরা তাঁদের দুই ঘর থেকে সোনা, টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন একই বাড়ির দুই পরিবারের ঘরে ডাকাতির সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।