দাগনভূঞায় তহশিলদারসহ দুজন সাময়িক বরখাস্ত
ঘুষ-দুর্নীতির অভিযোগে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের দানাইকোট ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) লায়েক উদ্দিন চৌধুরীসহ দুজনকে গতকাল রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে গতকাল সকালে ঘুষ-দুর্নীতি ও লোকজনকে অন্যায়ভাবে হয়রানির অভিযোগ এনে ওই কর্মকর্তাকে (তহশিলদার) শারীরিকভাবে লাঞ্ছিত ও তাঁর বিচার দাবি করে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার রাশেদুর রহমানকে ঘটনা তদন্তে পাঠানো হয়। তিনি রাজাপুর বাজারে দানাইকোট ভূমি কার্যালয়ে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এবং ওই তহলিশদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ফিরে যান।
স্থানীয় লোকজনের অভিযোগ, লায়েক উদ্দিন চৌধুরী ওই কার্যালয়ে যোগ দেওয়ার পর থেকে ঘুষ-বাণিজ্য চালিয়ে আসছেন। তাঁকে টাকা না দিলে কোনো কাজ হয় না। তাঁর এ ধরনের অপকর্মের সহযোগী ছিলেন ওই অফিসের পিয়ন আবুল খায়ের।
স্থানীয় সূত্র জানায়, এলাকার লোকজন সহকারী কমিশনার রাশেদুর রহমানের কাছে লায়েক উদ্দিন চৌধুরী ও পিয়ন আবুল খায়েরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। পরে তাঁরা ওই দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
সূত্র জানায়, জেলা প্রশাসন বিস্তারিত জানার পর লায়েক উদ্দিন চৌধুরী ও আবুল খায়েরকে সাময়িক বরখাস্ত করে। এ ছাড়া তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে লায়েক উদ্দিন চৌধুরী ও আবুল খায়েরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।
ফেনীর জেলা প্রশাসক (ডিসি) মো. হুমায়ুন কবীর খোন্দকার দানাইকোট ভূমি কার্যালয়ের কর্মকর্তা (তহশিলদার) লায়েক উদ্দিন চৌধুরীসহ দুজনকে সাময়িক বরখাস্ত ও তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।