দাগনভূঞায় তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল ৪৪ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের হামলায় আহত একজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ব্রাজিল-উত্তর কোরিয়ার খেলা শেষে রাত আনুমানিক তিনটার দিকে গ্রামে স্লোগানের আওয়াজ শোনা যায়। এর কিছুক্ষণ পর উত্তর জায়লস্কর গ্রামের পশ্চিম ভূঞা বাড়ির রহিম উল্লার ঘরে সিঁধ কেটে একদল ডাকাত ঢোকে। টের পেয়ে রহিম উল্লা ঘরের বাতি জ্বালালে ডাকাতদল ক্ষিপ্ত হয়ে তাঁকে বেদম পেটায়। গুরুতর আহত রহিম উল্লাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এরপর পাশের মো. ইলিয়াছের ঘরের দরজা ভেঙে ডাকাতদল ঢুকে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪২ হাজার টাকা নিয়ে যায়। সব শেষে আবদুল মোতালেবের ঘরে ঢুকে নগদ এক লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুটে নেয় তারা।