চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ
দাগনভূঞায় দুই পক্ষের সংঘর্ষ কুমিল্লায় পৃথক প্রস্তুতি বৈঠক
চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চের প্রস্তুতিকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। অন্যদিকে রোডমার্চ সফল করতে গতকাল শুক্রবার কুমিল্লা জেলা বিএনপির দুই পক্ষ পৃথক বৈঠক করেছে।পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, ফেনীর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে আগামীকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা অনুষ্ঠিত হবে। জনসভার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দাগনভূঞা উপজেলার কোরেশ মুন্সি বাজারে উপজেলা বিএনপির প্রস্তুতি বৈঠক হয়। জনসভায় যাতায়াতের প্রসঙ্গ নিয়ে বৈঠকে উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন ও দাগনভূঞা পৌর বিএনপির সহসভাপতি জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। পরে তুলাতুলি নামক স্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন: রামনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল মালেক মানিক (২৮), মো. মোবারক (২৩), আবুল খায়ের (২৫), জসিম (২৮), কামাল (২৬), আনোয়ার হোসেন (৩২), বাদশা (২২), ইসমাইল (২৫), মোশাররফ (২৮) ও সবুজ (২৪)। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংসু কুমার দাস জানান, তিনি সংঘর্ষের কথা শুনেছেন। তবে কোনো পক্ষই মামলা করেনি।অন্যদিকে বিএনপির রোডমার্চ সফল করতে কুমিল্লায় গতকাল পৃথক দুটি বৈঠক হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছয়টায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর নগরের বাদুরতলার বাসায় চারদলীয় জোটের বৈঠক হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ জামায়াতের নেতারা। একই সময় নগরের মনোহরপুর এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীরের বাসায় আরেকটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুল হক, নবনির্বাচিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক, শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ফারুক, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবির ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা। জানতে চাইলে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চ কমিটির প্রধান সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে। জাতিকে সেটা জানানোর জন্য ওই কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে দলের নেতা-কর্মীরা চাঙা হবেন। কুমিল্লায় আমাদের দুটি পথসভা হবে। রোডমার্চ শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা আশা করি, সরকার কোনোভাবেই রোডমার্চে বাধা দেবে না।’কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক বলেন, ‘আমি যেহেতু দল থেকে অব্যাহতি নিয়ে সিটি নির্বাচন করেছি, তাই নাও যেতে পারি। তবে আমার লোকজন ব্যাপক শোডাউন করবে। আমি মনে-প্রাণে বিএনপি। বিএনপিতেই আছি, থাকব।’এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ৯৭ কিলোমিটার এলাকাজুড়ে কয়েক শ তোরণ গতকালই নির্মাণ করা হয়েছে। আজ শনিবার আরও তোরণ নির্মাণ করা হবে বলে জানা গেছে।