দাগনভূঞায় দুই বাড়িতে ডাকাতি
ফেনীর দাগনভূঞার বদরপুর ও গনিপুর গ্রামে গত বুধবার রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার রাতে দাগনভূঞা উপজেলার বদরপুর গ্রামের সাবেক পৌর কাউন্সিলর আফরোজা বেগমের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে একটি কক্ষে নিয়ে হাত-পা বেঁধে রাখে। পরে ডাকাতেরা আলমারি ভেঙে টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন সেটসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। আফরোজা বেগমের ছেলে দেলোয়ার হোসেনের দাবি, ডাকাতেরা পাঁচ ভরি স্বর্ণালংকার, ৩০ ভরি রুপার অলংকার ও এক লাখ টাকাসহ কমপক্ষে সাড়ে চার লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
এদিকে স্থানীয় সূত্র জানায়, একই রাতে উপজেলার গনিপুর গ্রামের ওবায়দুল হকের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে দুই ভরি স্বর্ণালংকারসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।