দাগনভূঞায় দুর্বৃত্তরা ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহার রড দিয়ে পিটিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলার মোরশেদ আলম নামের এক ব্যবসায়ীর একটি হাত ও পা ভেঙে দিয়েছে দৃর্বৃত্তরা। এ ছাড়াও তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মোরশেদকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল শুক্রবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোরশেদ আলম উপজেলার সিলোনিয়া বাজারে রড-সিমেন্টের ব্যবসা করেন। তাঁর বাড়ি সিলোনিয়া গ্রামে। গত বৃহস্পতিবার রাতে তিনি স্থানীয় কোরেশমুন্সি বাজার থেকে পাওনা টাকা তুলে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে গজারিয়া গ্রামের তজু মিয়ার সেতু নামক স্থানে পৌঁছালে তিন দুর্বৃত্ত তাঁর গতি রোধ করে মোটরসাইকেল থেকে নামায়। তারা তাঁর পকেট থেকে ৭০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। সেখান থেকে তাঁকে নির্জন একটি মাঠে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে একটি হাত ও পা ভেঙে দেয়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, মামলার প্রস্তুতি চলছে।