দাগনভূঞায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলায় দেলোয়ার হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে দক্ষিণ করিমপুর গ্রামের একটি জলাশয় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। গত বুধবার সে নিখোঁজ হয়।পুলিশ ও এলাকাবাসী জানায়, সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও দাগনভূঞা উপজেলাধীন ফাজিলেরঘাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র দেলোয়ার গত বুধবার সকালে দক্ষিণ করিমপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। ওই দিন বিকেলে সে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়। পরের দিন বৃহস্পতিবার দেলোয়ারের পরিবারের পক্ষ থেকে দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল সকালে দক্ষিণ করিমপুর গ্রামের একটি রাস্তার পাশের জলাশয়ে এক কিশোরের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠায়। ওই ছাত্রের পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন। লাশের মাথায় কোপের দাগ রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে দেলোয়ারকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা ধারণা করছেন। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস।