দাগনভূঞায় পাঁচ বছর পর আবারও ছাত্রলীগের আহ্বায়ক কমিটি
ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের পাঁচ বছরের পুরোনো আহ্বায়ক কমিটি ভেঙে আবারও ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এ কমিটি ঘোষণা করেন। এতে একরাম উল্যাকে আহ্বায়ক এবং নাজমুল হক, আজিজুল হক ও আবু নাছের চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ২০০৬ সালের ১৬ ডিসেম্বর নূরুল আবছারকে আহ্বায়ক করে উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পাঁচ বছরের বেশি সময় পার হলেও ওই কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।এ প্রসঙ্গে নূরুল আবছারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেলা ও উপজেলা ছাত্রলীগের কিছু নেতার অসহযোগিতার কারণে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি।