দাগনভূঞায় বন কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে ৩ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি রাস্তার পাশের গাছ বিক্রির অন্তত ৩১ লাখ ২১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ফেনীর দাগনভূঞা উপজেলার বন কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। নোয়াখালীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে ২২ নভেম্বর দাগনভূঞা থানায় এসব মামলা করা হয়।আসামিরা হলেন উপজেলা বন কর্মকর্তা রবীন্দ্র কিশোর রায়, রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাশেম বাহাদুর, রাজাপুর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, পূর্ব চন্দ্রপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল হাই, দেবরামপুর গ্রামের সাহাব উদ্দিন ও উদরাজপুর গ্রামের ওবায়দুল্লাহ হারুন।এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তুলাতলী বাজার থেকে কোরাইশমুন্সী বাজার পর্যন্ত নয় কিলোমিটার সড়কের দুই পাশের সরকারি গাছ বিক্রি করা হয়। পরে আসামিরা পরস্পর যোগসাজশের মাধ্যমে টাকা আত্মসাৎ করেন। গাছ বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়নি। পূর্ব চন্দ্রপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল হাই প্রথম আলোর কাছে দাবি করেন, নিয়ম মেনেই ইউপির লাগানো ওই গাছগুলো কাটা হয়। গাছ বিক্রির টাকাও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। হয়রানির উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্য আসামিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মামলার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, দুদক মামলাগুলোর তদন্ত করছে।