দাগনভূঞায় যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
ফেনীর দাগনভূঞা উপজেলায় যৌতুকের জন্য শুক্রবার রাতে শাহানা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার সিন্ধুরপুর ইউনিয়নের মধ্যম রঘুনাথপুর গ্রামের হাফেজ কেরামত আলী বাড়ির নজির আহম্মদ ওরফে পেয়ার আহম্মদ (৪০) যৌতুকের জন্য তাঁর স্ত্রী শাহানাকে দীর্ঘদিন থেকে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু শাহানা যৌতুক আনতে পারবেন না বলে স্বামীকে জানিয়ে দেন। এরপর থেকে তাঁর ওপর নির্যাতন বেড়ে যায়। শুক্রবার বিকেলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতে নজির আহম্মদ প্রচার করতে থাকেন, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। পরে ঘরের আড়ার সঙ্গে শাহানার ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।এ ঘটনায় গৃহবধূর ভাই ওহিদুর রহমান নজির আহম্মদকে আসামি করে দাগনভূঞা থানায় একটি হত্যা মামলা করেছেন। ওহিদুর রহমানের অভিযোগ, যৌতুকের জন্য তাঁর বোনের ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। ঘটনার পর থেকে নজির আহম্মদ পলাতক।মামলার তদন্ত কর্মকর্তা দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে, এটি হত্যা, না আত্মহত্যা।