দাগনভূঞায় শিশু শিক্ষার্থী অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞার সিলোনীয়া এলাকা থেকে গতকাল মঙ্গলবার মাদ্রাসার এক শিক্ষার্থীকে (৯) অপহরণের পাঁচ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
শিশুটি দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ক্লাস শেষে ওই শিক্ষার্থী বাড়ি যাওয়ার জন্য তাকে নিয়মিত বহনকারী সিএনজিচালিত অটোরিকশায় উঠে বসে। এ সময় অজ্ঞাতপরিচয় এক নারী ‘আন্টি’ পরিচয় দিয়ে তাকে অপহরণ করে নিয়ে যান। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি দাগনভূঞা থানার পুলিশকে জানান। পরে পুলিশ ওই অটোরিকশার চালক আবদুর রাজ্জাককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। বিকেলে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে ওই অটোরিকশার চালকের বোনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অটোরিকশার চালক আবদুর রাজ্জাক (৩২), তাঁর বোন তাজনাহার বেগম (২০) ও নাজিম উদ্দিন (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, অটোরিকশার চালক আবদুর রাজ্জাক ওই শিশুশিক্ষার্থীকে নিয়মিত বাড়ি থেকে মাদ্রাসায় আনা-নেওয়া করতেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।