দাগনভূঞায় সাংবাদিক পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের তৃতীয় দিনে গতকাল সোমবার নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামের একাধিক উপজেলায় বিক্ষিপ্ত সংঘর্ষে ৪৯ জন আহত হয়েছেন। এ ছাড়া ৫০টির বেশি গাড়ি ভাঙচুর ও ১৩টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এদিকে ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজারে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলায় আহত হয়েছেন সময় টেলিভিশনের সাংবাদিক আতিয়ার সজল।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বটতল, পন্থিছিলা, শেখপাড়া, উত্তর ও দক্ষিণ বাইপাস, কুমিরা, সুলতানা মন্দির, ফৌজদারহাটসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে অবরোধ-সমর্থকদের গত রাতভর সংঘর্ষ হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুলিশের গুলিতে বাদশা মিয়া নামের এক ব্যক্তি গুলিবিদ্ধসহ পাঁচ অবরোধ-সমর্থক আহত হন। অবরোধকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশের চার সদস্য আহত হন।
রাতের বিভিন্ন সময়ে পন্থিছিলা, পৌর সদরের উত্তর বাইপাস, সুলতানা মন্দির, পরীর রাস্তারমাথা, মাদামবিবিরহাট, বন্দর সংযোগসড়ক ও নার্সিং কলেজ এলাকায় সাতটি গাড়িতে আগুন ও কমপক্ষে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় অবরোধ-সমর্থকদের দেওয়া আগুনে মো. ইয়াছিন নামের এক ট্রাকচালক অগ্নিদগ্ধ হন।
সংঘর্ষের সময় পুলিশ তিন ব্যক্তিকে আটক করেছে।
গতকাল সকালে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অবরোধকারীরা কনটেইনারবাহী একটি লরিতে ঢিল ছুড়লে চালক মো. মামুন ও তাঁর সহকারী মো. মানিক আহত হন। দুপুরে পৌর সদরের ফকিরহাট এলাকায় অবরোধকারীদের ধাওয়ার মুখে পালানোর সময় একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই ব্যক্তি ও অবরোধকারীদের ছোড়া ঢিলে অটোরিকশার চালক ইব্রাহিম আহত হন।
সন্ধ্যায় সীতাকুণ্ড থানার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ফেনী: গতকাল সকালে ছাত্রলীগ ও যুবলীগ কয়েকজন নেতা-কর্মী তিনটি মোটরসাইকেলযোগে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল বাশারের বাড়ির দিকে যাচ্ছিলেন। তাঁরা দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারের ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে ছাত্রশিবিরের কর্মীরা তাঁদের বাধা দেন ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে ছাত্রলীগ-যুবলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় যুবলীগের কর্মী মো. ফারুকসহ উভয় পক্ষের তিনজন আহত হন।
আবুল বাশার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে বেলা একটার দিকে মোটর শোভাযাত্রা নিয়ে সিলোনীয়া বাজার এলাকায় আসেন। এ সময় দাগনভূঞা থানার পুলিশ শিবিরের কর্মীদের ধাওয়া করে। শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের পাশাপাশি অবস্থান নিয়ে শিবিরের ওপর হামলা চালান। সংবাদ সংগ্রহ করতে গিয়ে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হন সময় টেলিভিশনের সাংবাদিক আতিয়ার সজল। সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন। এ সময় আরও চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
একপর্যায়ে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ফেনী-নোয়াখালী সড়কে এবং শিবিরের কর্মীরা গজারিয়া সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করতে শটগানের ৪২টি গুলি ও কাঁদানে গ্যাসের দুটি শেল নিক্ষেপ করে। পুলিশ সুফিয়ান ও মতিন নামে শিবিরের দুই কর্মীকে আটক করে। এ ছাড়া দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জামায়াতের নেতা মোশাররফ হোসেন ও বিএনপির সমর্থক সাহাবুদ্দিনের দোকান ভাঙচুর করেন।
আহত ব্যক্তিদের মধ্যে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবুল খায়ের, জায়লস্কর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সুমন, যুবলীগের কর্মী মো. ফারুক, রিকশাচালক মফিজুর রহমান, স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম ও সাংবাদিক আতিয়ার সজলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী: নোয়াখালীতে গতকালও অবরোধকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। শহরের মফিজ প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে শটগান থেকে পাঁচটি গুলি ছোড়ে। এতে মো. রাকিব ও পারভেজ নামে ছাত্রদলের দুই কর্মী গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়।
ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় মুরগির বাচ্চাবাহী একটি পিকআপ ভ্যানে আগুন এবং চারটি পিকআপ ভ্যান ভাঙচুর করেছেন অবরোধকারীরা। এ সময় হামলায় গাড়িচালক আহত হন। এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে বসুরহাট-কবিরহাট সড়কের করালিয়া এলাকায় গ্যাসের সিলিন্ডারবাহী একটি পাওয়ার টিলারে আগুন দেন অবরোধকারীরা। এ সময় ইটের আঘাতে চালকের মাথা ফেটে যায়। এ ছাড়া উপজেলায় দুটি মোটরসাইকেল ও সিএনজিচালিত তিনটি অটোরিকশা ভাঙচুর করেছেন অবরোধ-সমর্থকেরা।
মিরসরাই (চট্টগ্রাম): রোববার দিবাগত রাত দেড়টার দিকে নয়দুয়ার এলাকায় পাথর মেরে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে কিছু ব্যক্তি। পরে তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে কাভার্ড ভ্যানটির বেশির ভাগ ও কাভার্ড ভ্যানে থাকা পোশাক পুড়ে যায়।
এ ছাড়া বড়তাকিয়া, সোনাপাহাড় ও বারইয়ারহাট এলাকায় ১৫টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছেন অবরোধকারীরা।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): গতকাল চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছেন অবরোধ-সমর্থকেরা। এ সময় ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে অবরোধ-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ধাওয়ায় এক অবরোধকারীসহ পাঁচজন আহত হন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হন।
এ ছাড়া বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।