দাগনভূঞায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ১৯ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে গতকাল বৃহস্পতিবার সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ১৯-দলীয় জোটের নেতারা।
দাগনভূঞায় আয়োজিত সংবাদ সমেঞ্চলনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহামঞ্চদ শাহজাহান বলেন, সরকার-দলীয় সাংসদেরা আচরণবিধির তোয়াক্কা না করে প্রকাশ্যে জনসভা করছেন। মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। ভোটার ও প্রতিপক্ষের নেতা-কর্মীদের হুমকি-ধমকি ও বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে প্রশাসন অনিয়ম ও অন্যায় কাজকে উৎসাহিত করে প্রহসনের নির্বাচন করতে চাইছে। তিনি বলেন, আসন্ন ৮১টি উপজেলার নির্বাচনে জালিয়াতি হলে আন্দোলন চরমে পৌঁছবে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু বলেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা ভোটকেন্দ্রে না যেতে ১৯ দলের নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছেন।
সংবাদ সমেঞ্চলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের এবং দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট-সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল হাই মিলন অভিযোগ করেন, গতকাল দুপুরে তাঁর বাড়িতে কর্মিসভা শেষে ফেরার পথে তাঁর কর্মীদের ওপর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা হামলা করেছেন। এ সময় তাঁরা কমপক্ষে ১৫ জন কর্মীকে মারধর ও কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেন। তাঁর অভিযোগ, গত দুই দিন থেকে সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় বোমাবাজি করে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে সাধারণ ভোটারদের মনে শঙ্কা দেখা দিয়েছে।
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল কবির তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ ও আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি।
উপজেলায় ভোটার সংখ্যা এক লাখ ৬২ হাজার ৮৭৮ জন।