দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত
ফেনীর দাগনভূঞা উপজেলার দুলামিয়া কটন মিলের সামনে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল তিনটার দিকে দাগনভূঞা বাজারের ব্যবসায়ী জাবির হোসেন (২৮) ও স্থানীয় বেকের বাজারের ব্যবসায়ী মো. মাসুদ (২৪) মোটরসাইকেলযোগে ফেনী-নোয়াখালী সড়ক হয়ে দক্ষিণ আলীপুর গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তাঁরা দুলামিয়া কটন মিলের সামনে পৌঁছালে ইটভাটার মাটিবাহী একটি ট্রাক্টরের ধাক্কায় তাঁদের মোটরসাইকেল ছিটকে পড়ে। এতে জাবির হোসেন ঘটনাস্থলে নিহত ও মো. মাসুদ গুরুতর আহত হন। মাসুদকে প্রথমে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত দুই ব্যবসায়ীর বাড়ি উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে। দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) আজিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।