দাগনভূঞায় হামলায় পশুর হাট পণ্ড, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা সদরে গতকাল বুধবার দুর্বৃত্তদের হামলায় একটি কোরবানির পশুর হাট পণ্ড হয়ে গেছে। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে পারভেজ ও চৌধুরী নামের দুজনের নেতৃত্বে ১০-১২ জন যুবক দাগনভূঞা পৌরসভার বসুরহাট সড়কে কোরবানির পশুর হাটে হামলা চালান। এ সময় পরপর বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাটের ক্রেতা-বিক্রেতারা ছোটাছুটি শুরু করেন। দাগনভূঞা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দুর্বৃত্তদের ছোড়া ককটেলের স্প্লিন্টারে এবং ছোটাছুটির সময় কমপক্ষে ১০ জন আহত হয়। তাদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে আবদুল মান্নান (৩২), ইউছুপ নবী (১৪), রাহিম উদ্দিন (১৫), বাবলু (২০) ও কামাল পাশার (৩০) নাম জানা গেছে।হামলার কারণে পশুর হাট পণ্ড হয়ে যায়। আয়োজকরা চেষ্টা করেও আবার হাট বসাতে ব্যর্থ হন। সূত্র জানায়, পশুর ওই অস্থায়ী হাটটি আবুল কাশেম নামের এক ব্যক্তি এক লাখ টাকায় ইজারা নিয়েছিলেন। পারভেজ ও চৌধুরী ইজারায় তাঁদের অংশীদার করার জন্য আবুল কাশেমকে নানাভাবে চাপ দেন। কিন্তু আবুল কাশেম তাতে রাজি হননি। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওই হামলা চালান।এ ব্যাপারে বক্তব্য জানার জন্য চেষ্টা করেও পারভেজ ও চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি।