দাগনভূঞায় ১০ কার্যালয়ে চুরি, মূল্যবান ফাইলপত্র তছনছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ উপজেলার ১০টি সরকারি কার্যালয়ে গত বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল বিভিন্ন কার্যালয় থেকে ৮৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে এবং কার্যালয়গুলোর আলমারি ভেঙে মূল্যবান ফাইলসহ কাগজপত্র তছনছ করেছে। এ ঘটনায় ইউএনও মোহাম্মদ হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।মোহাম্মদ হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পিয়নরা কার্যালয়ের দরজা খুলতে গিয়ে সবগুলো কার্যালয়ের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তাঁরা দ্রুত বিষয়টি তাঁকে অবহিত করেন। তিনি খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে নিজ কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ের তালা ভাঙা এবং ফাইলপত্র তছনছ অবস্থায় দেখতে পান। এরপর দাগনভূঞা থানার পুলিশকে খবর দেন।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ইউএনওর কার্যালয়সহ ১০টি কার্যালয়ে চুরি এবং ফাইলপত্রসহ মূল্যবান কাগজপত্র তছনছের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বুধবার রাতে ইউএনওর কার্যালয়সহ বিভিন্ন সরকারি কার্যালয়ে কোনো নৈশপ্রহরী দায়িত্বরত ছিলেন না।