দাঙ্গা দমনে বাউলগান পথনাটক!
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দাঙ্গা দমনে অভিনব উদ্যোগ নিতে যাচ্ছে স্থানীয় সাংসদ ও উপজেলা প্রশাসন। আগামী জানুয়ারি মাস থেকে ওই এলাকার প্রতিটি হাটবাজারে বাউলগান ও বিভিন্ন পথনাটকের মাধ্যমে জনগণকে সচেতন করা হবে। গতকাল বৃহস্পতিবার সরাইলে বিজিবির ১২ ব্যাটালিয়ন কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় স্থানীয় সাংসদ জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা এ কথা বলেন। জিয়াউল হক মৃধা বলেন, হাওরবেষ্টিত অরুয়াইল ইউনিয়ন থেকে এ কর্মসূচি শুরু করা হবে। বাউলগান ও পথনাটকের পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি তাঁদের এ কাজে সহযোগিতা করবে। তিনি আরও বলেন, সরাইলের গ্রামাঞ্চলে শিক্ষার হার কম হওয়া এবং প্রবাসীদের উপার্জিত অর্থের বেশির ভাগ দাঙ্গার কাজে ব্যবহার করা এখানকার সংঘর্ষের অন্যতম কারণ।