দাতব্য সংস্থার কাজে আসা প্রবাসীর লাশ উদ্ধার
দাতব্য সংস্থার কাজে যুক্তরাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশি মেজবাহ উদ্দিন আহমেদের (৭২) লাশ রাজধানীর বনানীতে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
মেজবাহ ব্রিটিশ নাগরিক। তাঁর নাকে-মুখে রক্ত এবং ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় ফোঁটা ফোঁটা রক্ত ছিল। পুলিশ জানিয়েছে, দরজা ভেঙে মেজবাহর লাশ দেখে স্বজনেরা পুলিশে খবর দেন। তাঁর শরীরে সন্দেহজনক আঘাতের কোনো চিহ্ন নেই। তাঁর মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক—তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
স্বজনেরা জানান, মেজবাহ প্রধানমন্ত্রীর খালাতো ভাই শেখ শহীদুল ইসলামের চাচাশ্বশুর। তাঁর পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের নগরকান্দিতে। ১৯৫৮ সালে তিনি লেখাপড়া করতে লন্ডন যান। লেখাপড়া শেষে সেখানে চাকরি ও সংসার শুরু করেন। লন্ডনের একটি ব্যাংকের চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি কয়েকজনের সঙ্গে মিলে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামের একটি দাতব্য সংস্থা চালাতেন। ওই সংস্থার অধীনে কুড়িগ্রামে একটি বিদ্যালয় করা হয়। বিদ্যালয়টি তদারকি করতে ৩ নভেম্বর তিনি দেশে আসেন। ওঠেন বনানীর ২৫-এর ‘এ’ রোডের এ ব্লকের একটি বাড়ির নিজের ফ্ল্যাটে। পাশের দুটি ফ্ল্যাটের একটিতে তাঁর ভাতিজা খালেদ জামিল এবং অন্যটিতে খালেদের শ্বশুর থাকেন। ওই বিদ্যালয় পরিদর্শন শেষে গত বুধবার রাতে মেজবাহ বাসায় ফেরেন।
খালেদের ছোট ভাই শাহেদ জামিল গতকাল প্রথম আলোকে বলেন, তাঁদের চাচা বুধবার রাত ১০টার দিকে ভাইয়ের (খালেদ) ফ্ল্যাটে গিয়েছিলেন। সেখানে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন এবং ক্লান্ত লাগছে জানিয়ে নিজ ফ্ল্যাটে যান। ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। বৃহস্পতিবার তাঁর ফুফু জাহানারা বেগম ফোন করলে চাচা ধরেননি। বিষয়টি ফুফু ভাইকে (খালেদ) জানান। গতকাল সকালে ভাই ফোন করলেও চাচা ধরেননি। পরে খালেদ চাচার ফ্ল্যাটে গিয়ে ভেতর থেকে বন্ধ থাকা দরজা ধাক্কিয়ে ও চাচাকে ডেকে সাড়া পাননি। পরে কয়েকজনকে নিয়ে দরজা ভেঙে খালেদ শোবার ঘরে চাচার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
খালেদ জামিল বলেন, ফ্ল্যাটের মেঝেতে বিভিন্ন জায়গায় ফোঁটা ফোঁটা রক্ত ছিল। তাঁর চাচা শোবার ঘরে খাটের পাশে চিত হয়ে পড়ে ছিলেন। নাক-মুখে রক্ত। বাথরুমের বেসিনসহ বিভিন্ন জায়গায়ও রক্ত ছিল।
জাহানারা বেগম বলেন, বুধবার রাত ১০টার দিকে মেজবাহর সঙ্গে তাঁর কথা হয়। খোঁজখবর নিতে বৃহস্পতিবার ভাইকে ফোন করলেও ধরেননি।
মেজবাহ কুড়িগ্রামের কোন বিদ্যালয়ে গিয়েছিলেন, সেখানে কোথায় ছিলেন, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি স্বজনেরা। মৃত্যু নিয়ে সন্দেহ করার মতো কোনো কারণ বা আলামতও তাঁরা দেখছেন না। মেজবাহর কোনো অসুস্থতা ছিল কি না, জানতে চাইলে শাহেদ জামিল বলেন, বার্ধক্যজনিত প্রেশার থাকা স্বাভাবিক। তবে কী কারণে তাঁর মৃত্যু হলো, তা বলা মুশকিল।
ওই ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা আলামত সংগ্রহ করছেন। খবর পেয়ে আত্মীয়রা এসেছেন।
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, বুধবার রাতের পর যেকোনো সময়ে মেজবাহর মৃত্যু হয়েছে। তিনি স্বাস্থ্যবান ছিলেন। বাসার কিছু খোয়া যাওয়ার আলামত পাওয়া যায়নি। বাসায় অন্য কারও ঢোকার চিহ্নও প্রাথমিকভাবে মেলেনি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ ও ধরন জানা যাবে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ঢাকা মেডিকেল সূত্র জানায়, বনানী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সুরতহালে নাক-মুখে রক্ত এবং চোখের ডান পাশে একটি কালো দাগের কথা উল্লেখ করা হয়েছে।
মেজবাহর স্ত্রী শ্রীলঙ্কান বংশোদ্ভূত রানী আহমেদ, দুই মেয়ে মনীষা আহমেদ ও নীলুফার আহমেদ লন্ডনে থাকেন। মনীষা লন্ডনের একটি স্কুলের শিক্ষক ও নীলুফার বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করেন। তাঁদের খবর দেওয়া হয়েছে। লাশ দাফনের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত স্বজনেরা জানাতে পারেননি।