দাতাউর হত্যা মামলায় চারজন গ্রেপ্তার
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের চাচাতো ভাই দাতাউর রহমান হত্যায় জড়িত থাকার সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল কাশেম (৫৫), আনোয়ার হোসেন (৩০), মাইদুল ইসলাম (২৫) ও আবদুল মান্নান (৩৫)। তাঁরা নিহত দাতাউরের প্রতিবেশী। রৌমারী থানার পুলিশ জানায়, দাতাউর রৌমারী উপজেলার চর লাঠিয়ালডাঙ্গা গ্রামের আবদুস সালামের ছেলে। গত ২ এপ্রিল রাতে তিনি খুন হন। হত্যার পর দুর্বৃত্তরা তাঁর লাশ রাজীবপুর উপজেলার সীমান্তবর্তী ব্যাপারীপাড়া এলাকার বাঁশঝাড়ে ঝুলিয়ে রাখে। এ ঘটনার পরদিন আবদুস সালাম রৌমারী থানায় একটি হত্যা মামলা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার পুলিশ গতকাল ভোরে চর লাঠিয়ালডাঙ্গা গ্রামের নিজ নিজ বাড়ি থেকে সন্দেহভাজন ওই চারজনকে গ্রেপ্তার করে।
থানা-পুলিশ বলছে, গত ৩ এপ্রিল দুপুরে তারা লাশ উদ্ধার করে। ঝুলন্ত লাশ থেকে একটু দূরে দুটি স্যান্ডেল, কয়েকটি ব্লেড ও সিগারেটের প্যাকেট পাওয়া যায়। সেখানে মাটিতে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। লাশের শরীরে পোড়া মবিল লাগিয়ে গলায় গামছা পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়। যাতে এ হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়।
রৌমারী থানার ওসি এ বি এম সাজেদুল ইসলাম বলেন, দাতাউর রহমান হত্যা মামলার সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁরা প্রকৃত খুনি কি না বা হত্যার কারণ কী, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।